বন্ধু কিংবা পরিচিত কয়েকজনদের সাথে প্রায়ই বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনায় অনেকেই বলে বসে আমি নাকি তাদের থেকে বেশি সুখী। আমি মাঝে মাঝে অবাকই হই সুখকে কিভাবে Compare করা যায়। বা সুখী হতে কি প্রয়োজন? আমরা জানি বিল গেটস পৃথিবীর অন্যতম সেরা ধনী। কয়েকবার শ্রেষ্ঠ ধনীও হয়েছেন। কিন্তু বিল মামায় এমন কোন বিল দিতে না পারায় তার স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হলো এটা নিয়ে ভাবি। যাইহোক তাদেরও ভাবনার জায়গা আছে যেখান থেকে তারা বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছেন। এখন আমার খুব কিউরিওসিটি সুখের বিষয়ে। আচ্ছা সুখ কি?
সুখের সংজ্ঞা খুজতে প্রথমে গুগল মামাকে জিজ্ঞেস করলাম মামা সুখ কি? গুগল মামা অনেকের কাছে আমাকে পাঠাল। তারা তাদের মত করে সুখ কি জিনিস সেটা আমাকে বুঝানোর চেষ্টা করল। তাদের মধ্যে একজনের কথাটা ঠিক এরকম যে, সুখ একটি মানবিক অনুভূতি। সুখ মনের একটি অবস্থা বা অনুভূতি যা ভালোবাসা, তৃপ্তি, আনন্দ বা উচ্ছ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়।
যত বড় নিক্তি/একক দিয়েই মাপুন না কেন সঠিকভাবে সুখ পরিমাপ করা অত্যন্ত কঠিন।
সমাজে ধনী, গরিব, সুখী, অসুখী; বিভিন্ন ধাঁচের মানুষের বসবাস। সকলেই সুখী হতে পারে না। তবে সুখী হতে পয়সা লাগে না। নিজের ইচ্ছা থাকলে অবশ্যই সুখী হওয়া সম্ভব। নিজের যতটুকু আছে তন্মধ্যে সন্তুষ্ট থাকলে, আনন্দ খুঁজে পেলে সুখী হওয়া কঠিন কিছু না। সুখ পুরোপুরি বহিরাগত বিষয় নয় এমনকি মুহূর্তের আনন্দ থেকেও তা প্রাপ্ত হয় না ।
বিশ্বাস করি সুখ কোনো বিশেষ জায়গায় নয়, সুখ নির্ভর করে কীভাবে আপনি জীবন যাপন করেন তার ওপর। আপনি কিসের ওপর বেশি মূল্য দেন? অর্থ, সম্পদ, ক্ষমতা, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা? এই মুহূর্তে কী আপনাকে সুখী করতে পারে? এসব বিষয়ে একেকজনের একেক মত থাকবে। যেমন ধরুন কিছুদিন আগে এক আড্ডায় আলোচনা হচ্ছে। আমার এক বন্ধু বলেই বসল যে আমার যদি কাড়ি কাড়ি টাকা থাকত তাহলে আমি সুখী হতাম বা যেভাবে ইচ্ছে সেভাবে জীবনকে সাজাতাম। আচ্ছা অর্থ থাকলেই কি নিজের মত করে জীবনকে সাজানো যায়? যদি তাই হতো তাহলে ধনী ব্যক্তিদের বিবাহ বিচ্ছেদ হতো না, তাদের ক্যান্সার হতো না, হতাশায় আত্মহত্যা করতেন না কিংবা একাকিত্ব বোধ করতেন না। আবার অনেক মানুষ ধন সম্পদ ছাড়াই সুখী। তা ছাড়া যা আপনাকে সুখী করবে তা অন্যকে না–ও করতে পারে। তবে এত কিছু সত্ত্বেও পজিটিভ সাইকোলজি বলে, আমরা সুখ সৃষ্টি করতে পারি, সুখ বৃদ্ধি করতে পারি এবং নিশ্চিতভাবে সুখী হতে পারি। আর তা নির্ভর করে একান্তই ব্যক্তির উপর।
ধনী কিংবা সুখী হওয়ার অন্যতম সহজ উপায় হলো অল্প আকাঙ্খা পোষণ করা। নিজেকে প্রায়ই ধনী কিংবা সুখী মনে করি জানি না আমার এই মনে করার পিছনের লজিক কী। তবে মনে প্রাণে বিশ্বাস করি একসঙ্গে থাকা মানুষেরাই সুখী মানুষ। আপনার মত কী?
Comments
Post a Comment